প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল সার্বিয়া


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থী ও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নোভি সাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দর্শন অনুষদের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং হাতে থাকা প্ল্যাকার্ডে লিখেন—‘আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই’, ‘শিক্ষার্থীদের জরুরি দাবি: নির্বাচন ঘোষণা করো’। সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

ঘটনার পর এক ভাষণে প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেন, সংঘর্ষে ১১ জন পুলিশ আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহত সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, এ ধরনের আন্দোলনের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। একইসঙ্গে ঘোষণা দেন, তার সমর্থকেরা আগামী রবিবার দেশব্যাপী সমাবেশ করবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যু হয়। অবকাঠামোগত দুর্নীতি ও অবহেলার অভিযোগকে কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হতে শুরু করে। এরপর থেকে সার্বিয়াজুড়ে একের পর এক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সর্বশেষ গত ১৩ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত হয়।