পাঁচটি ইসলামি ধারার ব্যাংক একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন জোগান দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নেওয়া এই একীভূতকরণ প্রক্রিয়ায় সরকারের সম্মতি পাওয়া গেছে। নতুন ব্যাংকের মোট মূলধন দাঁড়াবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা একে দেশের সর্ববৃহৎ ব্যাংকে পরিণত করবে।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে চারটি ব্যাংক ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিকানাধীন বলে পরিচিত, আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একীভূতকরণ কার্যক্রম শেষ করতে। এ জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :