আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ডকপিতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আগেই আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন করতে হবে।
প্রসঙ্গত, গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল, যা পরে কমিয়ে ২,৪২০ টন করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :