ডাকসু নির্বাচন: টিএসসিতে ৩ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা জানান, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে টিএসসির ১৯টি বুথে প্রায় দুই হাজার ২৮০টি ভোট পড়েছে। প্রতি বুথে গড়ে ১২০ জন করে ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটার সংখ্যা পাঁচ হাজার ৬৬৫ জন।

ভোট শুরুর আগেই টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।