নেপালে সহিংসতা: সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে মারধর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল নেপাল নতুন করে অস্থির হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর আন্দোলন আরও সহিংস রূপ নিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার কাঠমান্ডুর বাসভবনে হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ সময় পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবাকেও আটকে রাখা হয়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শের বাহাদুর দিউবার মুখে রক্ত ঝরছে এবং তার বাসায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করলে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। তবে সোমবার পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ তরুণ নিহত হন। একদিনে এত প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

বিক্ষোভ দমন করতে ব্যর্থ হয়ে সেনাপ্রধান কেপি শর্মা ওলিকে পদত্যাগের পরামর্শ দেন। শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরই মধ্যে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওলি দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।