জেন–জির বিক্ষোভ

নেপালের জেন-জির পছন্দের নেতা ‘বালেন শাহ’


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর নতুন আলোচনায় উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেই বেশি পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জি প্রজন্মের তরুণরা তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি তুলেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ১৯ তরুণ নিহত হয়েছেন। আন্দোলনের শুরু থেকেই বালেন শাহ তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও বয়স সীমার কারণে সরাসরি আন্দোলনে অংশ নেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “এটি তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। রাজনৈতিক দলগুলো যেন এ আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার না করে।”

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া বালেন শাহ পড়াশোনা করেছেন সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন জনপ্রিয় র‌্যাপার ও গীতিকার, যার গানগুলোতে দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যু তুলে ধরা হতো।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে জয়ী হয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, অনেকেই তাকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।