স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাহিদাপত্রের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, মিঠুর বিরুদ্ধে দুদকে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।
স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচারে জড়িত এ ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুদক। অনুসন্ধানে দেখা গেছে, কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি ক্রয়সহ বিভিন্ন স্থাবর সম্পদে বিনিয়োগ করেছেন তিনি ১৮ কোটি টাকার বেশি। এছাড়া ব্যাংক হিসাব, শেয়ার, গাড়ি, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে আরও ৫৭ কোটি টাকার অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে।
সব মিলিয়ে মিঠুর মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা। এর মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি টাকার, বাকিটুকুই অবৈধ আয়ের প্রমাণ। এ কারণে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে পানামা পেপারস কেলেঙ্কারিতে মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান স্বাস্থ্য খাতে সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।
আপনার মতামত লিখুন :