জেন–জির বিক্ষোভ

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের অভিনন্দন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:১১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি সুশীলা কার্কিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।

বার্তায় ড. ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, কার্কির নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে।

প্রধান উপদেষ্টা সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

ড. ইউনূস আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা সুশীলা কার্কির নেতৃত্বে আরও জোরদার হবে। বার্তার শেষে তিনি নেপালের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।