ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দুর্গাপূজার আগে ভারতের চাহিদার তুলনায় বাংলাদেশের মানুষ প্রথমে ইলিশ ভোগ করবে। এর অংশ হিসেবে এবার দেশে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফরিদা আখতার আরও জানান, “প্রতিবেশী দেশকে কিছু ইলিশ রপ্তানি করতে হচ্ছে, তবে এবার চাহিদার তুলনায় কম ইলিশ রপ্তানি হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে।”

অবৈধ রিং জাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযান শুধু জেলেদের বিরুদ্ধে নয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে এবং কোনো ছাড় দেওয়া হবে না।”

সভায় মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা ও মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।