বাংলার মুখ ডেস্ক
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ইতোমধ্যে ১২১ বার পিছিয়েছে। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ঠিক করেছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক তা জমা দিতে পারেননি। এতে আদালত তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত অগ্রগতি আনতে কর্মকর্তাদের আপ্রাণ চেষ্টা করার নির্দেশ দেন।
আদালতে শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও দুই জনের মিশ্রিত ডিএনএ পাওয়া গেলেও শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণেই প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে বলে দাবি করেন তিনি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে থানার পুলিশ, পরে ডিবি ও র্যাব তদন্ত করলেও কেউ রহস্য উদঘাটন করতে পারেনি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে গত বছর একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজন আসামি রয়েছে। তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। দীর্ঘ ১৩ বছর পরও এ হত্যা মামলার তদন্ত আলোর মুখ দেখেনি।
আপনার মতামত লিখুন :