ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ। একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬২৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে।

মারা যাওয়া তিনজনই নারী। তাদের বয়স যথাক্রমে ১৪, ৩৬ ও ৩৮ বছর। দুজন চিকিৎসাধীন ছিলেন ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ বছর জুলাই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, অগাস্টে ৩৯ এবং সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ২৮ জন।

হাসপাতালে ভর্তির দিক থেকেও জুলাই ছিল সবচেয়ে সংকটপূর্ণ মাস। ওই মাসে ভর্তি হন ১০ হাজার ৬৮৪ জন রোগী। এর বাইরে জানুয়ারিতে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন ও অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন। শুধু সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই ভর্তি হয়েছেন ৬৪১৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭১৫ জন। এর মধ্যে ঢাকায় ৭০২ জন এবং ঢাকার বাইরে ১০১৩ জন রোগী ভর্তি আছেন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর—সে বছর সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ভর্তি হয় এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।