বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলা ও সয়াবিন আমদানি বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, এলপিজি আমদানি, বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্কহার ৩৫ থেকে ২০ শতাংশে নামানো হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় অগ্রগতি। তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শুল্কহার আরও কমবে এবং এতে টেকসই অংশীদারিত্ব গড়ে উঠবে।

তিনি খসড়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন এবং শ্রমমান রক্ষা ও ন্যায্য অনুশীলনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের স্বল্পসুদে ঋণ ও বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্রেন্ডান লিঞ্চ আলোচনায় বাংলাদেশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে শুল্ক চুক্তি ও ক্রয় প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।