চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
বাংলার মুখ ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দোকান মালিক মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক অসতর্কভাবে সিগারেট খাওয়ার কারণে আগুন ধরে মুহূর্তেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো দোকানজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), শ্রমিক সৌরভ রহমান (২৫), কফিল (২২), রিয়াজ (১৭), ইউনুস (২৬), আকিব (১৭), হারুন (২৯), ইদ্রিস (৩০), লিটন (২৮) ও ছালে (৩৩)। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। তারা দ্রুত দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ শ্রমিকদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।