প্রধান উপদেষ্টা

একনেকে অনুমোদিত ৮৩৩৩ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র, কৃষি, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ, শিক্ষা, শিল্প, জ্বালানি ও পরিবেশ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “তথ্য আপা” প্রকল্পের তৃতীয় সংশোধন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন, ২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয়, কূপ খনন ও বিদ্যুৎ বিতরণ আধুনিকায়ন প্রকল্প, ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্প, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল।

স্থানীয় সরকার খাতের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে—খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সভায় আরও ১১টি প্রকল্প সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা অবহিত করেন, যার মধ্যে রয়েছে—ফসল উৎপাদন ব্যয় জরিপ, মৎস্য অবতরণ কেন্দ্র, পার্বত্য চট্টগ্রামে মৎস্যসম্পদ উন্নয়ন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি আধুনিকীকরণ, বীমা খাত উন্নয়ন, পানি বিশুদ্ধকরণ প্লান্ট, পর্যটন কেন্দ্র নির্মাণ এবং পাট ও পাটবীজ উৎপাদন। সরকারের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং সামাজিক উন্নয়ন সূচকেও ইতিবাচক প্রভাব ফেলবে।