স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২ জন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই গুরুতর রূপ নিচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রাম বিভাগে ৯৮, ঢাকা বিভাগের বাইরের এলাকায় ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১০০, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহে ১৯, রাজশাহী ৫১ এবং রংপুর ৬ জন রয়েছেন।

এদিকে, গত এক দিনে ৫০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৩৭,৬৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৯,৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬১ জনে পৌঁছেছে।

তুলনামূলক হিসেবে, ২০২৪ সালে এক বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে একই সময়ে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু ও ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশক নিধনের কার্যক্রম জোরদার করা না হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।