পেনসিলভানিয়া অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত তিন পুলিশ কর্মকর্তা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও নিহত হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তে ঘটনাস্থলে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন; আশঙ্কাজনক হলেও তারা বর্তমানে স্থিতিশীল।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, এ ঘটনায় রাজ্যের সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থল এখনও ‘অত্যন্ত সক্রিয় এলাকা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে তদন্ত কমিটি গঠন করা হবে।

ঘটনার পর গভর্নর জোশ শাপিরো নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একে ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য ‘শোকাবহ ও বিধ্বংসী দিন’ বলে অভিহিত করেন।

একই ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ায় এটিকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ পুলিশবিরোধী হামলা হিসেবে দেখা হচ্ছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্দুকধারীর গুলিতে আরও এক কর্মকর্তা নিহত হয়েছিলেন।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এই ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে “সমাজের অভিশাপ” বলে মন্তব্য করেছেন।