ই-কমার্স কোম্পানি ইভ্যালি

ইভ্যালির রাসেল-শামীমার আরও ৩ বছরের কারাদণ্ড


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

ই-কমার্স কোম্পানি ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন প্রতারণার আরেক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ নিয়ে দম্পতির বিরুদ্ধে পাঁচ মামলায় মোট ১২ বছরের সাজা হলো।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিরা পলাতক থাকায় আদালত সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২০১৮ সালে যাত্রা শুরু করা ইভ্যালি পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসে। গাড়ি, মোটরসাইকেল থেকে শুরু করে আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যের আকর্ষণীয় অফারে ক্রেতারা অগ্রিম টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না হওয়ায় এবং টাকা ফেরত না পেয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। একপর্যায়ে ইভ্যালি ক্রেতা ও সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামে এবং রাসেল-শামীমার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়। সর্বশেষ মামলায় আবুল কালাম আজাদ নামের এক গ্রাহক ২৩ লাখ টাকায় ১১টি মোটরসাইকেল কেনার অর্ডার দিয়েও পণ্য পাননি। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করে।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আরও চারটি মামলায় রাসেল ও শামীমাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত দম্পতির সাজা দাঁড়িয়েছে ১২ বছর।