অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে এ আবেদন করা হয়। শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।
ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ২৪ জুলাই দুদক সাবেক মন্ত্রী, তার স্ত্রী-ভাইবোন, ব্যাংক ও আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে। এরই মধ্যে আরামিটের দুই এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করেছে দুদক।
অভিযোগে বলা হয়েছে, আরামিট গ্রুপের কর্মচারীদের নামে ভুয়া প্রতিষ্ঠান গড়ে গম, ছোলা, হলুদ ও মটর আমদানির কথা বলে ঋণ নিয়ে তা পাচার করা হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নানা অনিয়ম উপেক্ষা করে ঋণ অনুমোদন করেন।
এর আগে আদালত জাবেদ ও রুকমীলা জামানের বিদেশে বিপুল সম্পদ জব্দ এবং তাদের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেন। দুদকের অনুসন্ধানে তাদের নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, দুবাইয়ে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি চিহ্নিত হয়েছে। বর্তমানে তারা দুজনই বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :