উগ্র প্রতিক্রিয়াশীল’ গোষ্ঠীর উত্থান দেখছে সিপিবি

উগ্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান, গণতন্ত্রের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

দেশে দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, গণতন্ত্রের পথে অগ্রসর হতে হলে অবিলম্বে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কিছু মহল সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।

শুক্রবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রিন্স অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারপন্থি রাজনৈতিক দলের ভূমিকা সময়মতো নির্বাচন অনুষ্ঠানে প্রশ্ন তুলছে। একইসঙ্গে তিনি বলেন, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো বাংলাদেশে প্রভাব বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ।

রুহিন হোসেন প্রিন্স বলেন, “গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দুর্বৃত্তায়িত অর্থনীতি-রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি।”

তিনি আরও জানান, এবারের সম্মেলনে আশু ও দীর্ঘমেয়াদি কর্মপন্থা নির্ধারণ করে আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নেওয়া হবে।

সিপিবির পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে সারা দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকসহ ৬ শতাধিক সদস্য অংশ নিয়েছেন। আগামী ২০-২২ সেপ্টেম্বর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।