সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে ১৯ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং মামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

তহবিলের কোটি কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে নর্দান ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের (আইবিএটি) চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, মামলার আসামিদের মধ্যে আছেন—আবু ইউসুফ আবদুল্লাহর স্ত্রী হালিমা সুলতানা, সন্তান সাদ আল জাবির আবদুল্লাহ ও লাবিবা আবদুল্লাহ, ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. এম শামছুল হক, সদস্য মোসাম্মাৎ হাবিবুন নাহার ও নাজমুস সাদাত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নর্দান ইউনিভার্সিটি, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও আইবিএটি ট্রাস্টের তহবিল থেকে একাধিক চেকের মাধ্যমে ১৯ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা তুলে নিজেদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান প্রাসাদ নির্মাণ লিমিটেড ও সুন্দরবন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল লিমিটেডে স্থানান্তর করেন। পরে ওই অর্থ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ এবং মানিলন্ডারিং করা হয়।

দুদকের অনুসন্ধানে প্রমাণ মেলায় গত ৭ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৩/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।