রাজধানীতে যাত্রী চাহিদা মেটাতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা কার্যকর হবে। নতুন সূচি অনুযায়ী সকালে ট্রেন ছাড়বে আধাঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধাঘণ্টা দেরিতে।
এতে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
একই সঙ্গে ব্যস্ত সময়ে দুই ট্রেনের বিরতি কমে হবে ৪ মিনিট ১৫ সেকেন্ড। বর্তমানে এ বিরতি সর্বনিম্ন ৬ মিনিট।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ডিসেম্বরের মধ্যেই সময়সূচির আনুষ্ঠানিক পরিবর্তন আনা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে, শিগগিরই কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হবে।
আপনার মতামত লিখুন :