ড. মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সরকারের ব্যাপক প্রস্তুতি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, আলোচনায় বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে ঘিরে অপতথ্য রোধসহ বিভিন্ন বিষয় উঠে আসে। ড. ইউনূস কক্সবাজারের শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন। মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন এবং আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।