অর্থ উপদেষ্টা

নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে বডি ক্যামেরাগুলো ইউএনডিপির মাধ্যমে কেনা হবে। যেমনভাবে টিকা ইউনিসেফের মাধ্যমে আনা হয়, ঠিক তেমনি এ ক্ষেত্রেও ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে সরকারের কোনো প্রকার দর-কষাকষির ঝামেলা থাকবে না।

অর্থ উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সরকারের অর্থেই এসব ক্যামেরা কেনা হবে এবং ব্যয় মেটানো হবে নির্বাচন খাত থেকে। তবে ক্যামেরাগুলো দেওয়া হবে পুলিশের কাছে, নির্বাচন কমিশনের কাছে নয়।

ড. সালেহউদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে বাজার স্থিতিশীল রাখা এবং আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান তিনি।