ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তর

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নিয়ে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

প্রধান উপদেষ্টা যেসব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট ও উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।