প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

জনপ্রশাসন কমিটি থেকে মুখ্য সচিব বাদ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা তদারককারী জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়। শুরুতে এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবকে সদস্য করা হয়।

এরপর ২৬ আগস্ট পুনর্গঠনের সময় সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্যসচিব এবং নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে সদস্য করা হয়। ওইদিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে অবসরপ্রাপ্ত সচিব শামসুল আলম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগে টাকার লেনদেন হচ্ছে। ওই অভিযোগের পরদিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

এর প্রেক্ষিতেই নতুন করে জনপ্রশাসন কমিটি থেকে মুখ্য সচিবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানাল সরকার।