আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সব বাহিনীই মাঠে থাকবে। বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে, নির্বাচনকালে তা বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়, জনগণই আসল শক্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে সেটি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নির্বাচন কমিশন ও গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।”
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং তা নির্বাচনের আগে আরও জোরদার করা হবে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান কিছুটা কঠিন হলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, এসব মিছিল আইনের আওতায় আনা হচ্ছে এবং গ্রেপ্তার কার্যক্রম চলছে। তবে নির্বাচনের আগে বিভিন্ন দলের কর্মসূচি বাড়তে পারে বলে তিনি জানান।
রোহিঙ্গা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। তাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।
মিয়ানমারের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সীমান্ত এলাকায় আরাকান আর্মির প্রভাব থাকলেও আমাদের বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। মাদক প্রবেশ ঠেকাতে ফোর্স বাড়ানো হয়েছে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সব ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :