শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদী সিইসি

শাপলা প্রতীক না দেওয়ার ব্যাখ্যা দেবে না ইসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যাখ্যা দেবে না। তিনি বলেন, “প্রতীক নিয়ে দলগুলোর টানাপোড়ন ইসির এখতিয়ার নয়।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, আগামী ফেব্রুয়ারির রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের অন্তত দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো ইসিকে সহযোগিতা করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, “সব খেলোয়াড় যদি ফাউল করার জন্য মাঠে নামে, তাহলে ম্যাচ পণ্ড হয়ে যাবে। আমরা চাই সবাই সুন্দর নিয়তে মাঠে নামুক। অতীতেও সংকট হয়েছে, পরে সমাধান হয়েছে। এবারও রাজনৈতিক সমঝোতা হবে বলে আমি আশাবাদী।”

তিনি জানান, নির্বাচনকালীন মাঠে এক লাখ সেনা মোতায়েন করা হবে। কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

শাপলা প্রতীক ইস্যুতে তিনি আরও বলেন, প্রথমে নাগরিক ঐক্য প্রতীকটি চাইলে দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দাবি করলেও অনুমোদন মেলেনি। কেন প্রতীক দেওয়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না।

👉 সিইসি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।