শারদীয় দুর্গাপূজা

দুর্গাপূজা: ২৮৫৭ মণ্ডপে নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপ বিজিবির নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকার ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ, আর সীমান্তের বাইরের এলাকায় রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি পূজামণ্ডপ, চট্টগ্রাম মহানগরীসহ রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি, আর দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।