প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল।

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে হইচই ফেলে দিয়েছিলেন নাটোরের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল। এবার পাটের আঁশে দুর্গামূর্তি নির্মাণ করে আলোচনায় এসেছেন নাটোরের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল। লালবাজার কদমতলার রবি সূতম সংঘের উদ্যোগে নির্মিত এই অভিনব প্রতিমা ষষ্ঠী থেকেই দর্শনার্থী-ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান, প্রতিবছরই তারা ভিন্নধর্মী প্রতিমা তৈরির উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় এবার পাটে তৈরি প্রতিমার সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী বিশ্বজিৎ পাল দুই মাস ধরে কাঠ, বাঁশ, মাটি ও প্রায় ২০ কেজি সোনালি আঁশ ব্যবহার করে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহের প্রতিমা সম্পূর্ণ করেন। সাজসজ্জার কাজ শেষ করে শনিবার রাতে মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়।

প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল বলেন, বাঁশ-কাঠে মাটির কাঠামো তৈরি করে শুকানোর পর পাটের আঁশে মোড়ানো হয় প্রতিমা। এরপর রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয় আদিরূপ। কাজটি সহজ না হলেও দর্শকদের জন্য নতুনত্ব আনতেই এ উদ্যোগ।

দর্শনার্থীরা বলছেন, জীবনে নানা ধরনের প্রতিমা দেখলেও পাটের প্রতিমা তাদের জন্য অনন্য অভিজ্ঞতা। ষষ্ঠীর দিন থেকেই প্রতিমা ঘিরে কদমতলা মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় জানিয়েছেন, এ বছর নাটোরে ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গতবারের চেয়ে ১৪টি বেশি। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।