খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে ইউপিডিএফ। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। তিনি ইউপিডিএফকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে অবরোধ প্রত্যাহারের আহ্বান করেন। একইসঙ্গে তিনি জানান, অবরোধ না ওঠা পর্যন্ত প্রশাসনের কাছে ১৪৪ ধারা জারি রাখার অনুরোধ করা হয়েছে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, খাগড়াছড়ির ঘটনার প্রভাব রাঙামাটি ও বান্দরবানে পড়তে পারে। পাশাপাশি উল্লেখ করেন, বহিঃশক্তি বা একটি মহল জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে দেশকে অস্থিতিশীল দেখিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগের জেরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর সহিংসতায় খাগড়াছড়ি ও গুইমারায় তিনজন নিহত হন। এ ঘটনায় সেনাসদস্যসহ ২৫ জন আহত হন।
আপনার মতামত লিখুন :