রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ বলেন, “এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা। তাই বিভাগীয় ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
পুলিশ সূত্র জানায়, ডিউটিরত সদস্যদের থাকার জন্য মন্দির প্রাঙ্গণের ভেতরে নির্মাণাধীন ভবনে কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোরে সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমন্ত চার পুলিশ ও তিন আনসার সদস্যের পাশ থেকে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। ওই ব্যাগগুলোর একটিতে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।
পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দিরসংলগ্ন একটি পতিত জমির পাশে ব্যাগগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্যাগে গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ডিসি তারেক মাহমুদ বলেন, মালামাল ও গুলি উদ্ধার হলেও দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুতর। এজন্য সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :