স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০; হাসপাতালে ভর্তি ৪৯০


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট ডেঙ্গু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০০-এ। একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণে ৬৪ জন, চট্টগ্রামে ৬০ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুরে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বছরের শুরু থেকে ১ অক্টোবর পর্যন্ত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, বরিশালে ৩২ জন, ঢাকা উত্তরে ২৬ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকায় ৩ জন মারা গেছেন।