সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হচ্ছে। সারাদেশের মণ্ডপে সকালে হবে বিহিত পূজা, এরপর অনুষ্ঠিত হবে দর্পণ বিসর্জন।
দিনব্যাপী স্থানীয় আয়োজন অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্রমতে, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে দোলায় চড়ে কৈলাসে ফিরে যান।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধন প্রতিষ্ঠা।
দেবী বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা। শাস্ত্রীয় মতে, স্বামীর মঙ্গল কামনায় নারীরা দেবীর সিঁদুর নিজের সিঁথিতে লাগান এবং একে অপরকে সিঁদুর পরিয়ে আশীর্বাদ ভাগ করে নেন।
সিঁদুর খেলা শেষে দেবীর প্রতি শেষবারের মতো আরাধনা করে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় দুর্গোৎসব।
আপনার মতামত লিখুন :