গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফেসবুকে দেওয়া বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই গাজায় পৌঁছাবো।”
শহিদুল আলম জানিয়েছেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝড়ো পরিস্থিতির মধ্য দিয়ে তারা এগিয়েছে, যদিও বর্তমানে ঝড় কমেছে। তিনি জানান, জাহাজের ক্যাপ্টেন দ্রুতগতিতে নৌযানটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যেন ঝড়ের আগেই গন্তব্যে পৌঁছানো যায়।
তিনি উল্লেখ করেছেন, তাদের নৌযান ‘সুমুদ ফ্লোটিলা’-এর শেষ অংশে অবস্থান করছে, এবং সামনের নৌযানগুলো ইতোমধ্যে গাজার কাছাকাছি পৌঁছেছে। শহিদুল আলম জানিয়েছেন, “সামনের দিকে থাকা নৌযানগুলোকে রাতে ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছিল। তবে আমাদের জাহাজ এখনও সেই অঞ্চলে পৌঁছায়নি।”
তিনি আরও বলেন, বুধবার সমুদ্রে তুরস্কের একটি নৌযান দেখা গেছে, তবে এটি দূরে ছিল। শহিদুল আলম আশ্বাস দিয়েছেন, “আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। ইসরায়েলের আক্রমণে কোনোভাবেই পেছনে যাবো না। সমুদ্র উত্তপ্ত এবং ঝড়ের আশঙ্কা থাকলেও আমরা যাত্রা চালিয়ে যাব।”
ফ্লোটিলার এই দৃঢ় মনোবল ও মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার অঙ্গীকার আন্তর্জাতিক নজর কাড়ছে।
আপনার মতামত লিখুন :