বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী চার দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং আজ রাতেই স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার চট্টগ্রাম, সিলেট এবং ঢাকায় বৃষ্টি আরও বাড়বে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপ সাগরে শক্তি সঞ্চয় করে ভূমিতে প্রবেশের পর বৃষ্টির প্রবলতা বাড়ায়। সাধারণত এ ধরনের নিম্নচাপ ৩০০ থেকে ৪০০ কিলোমিটার এলাকাজুড়ে বৃষ্টির বলয় সৃষ্টি করে, যা স্থলভাগে প্রবেশের পর কয়েক দিন ধরে বৃষ্টি ঝরাতে থাকে।
গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। স্বল্প সময়ে অতিবৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবছর বৃষ্টিপাতের মাত্রা কিছুটা বেশি দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :