মা ইলিশ

ইলিশ রক্ষায় রাজবাড়ীতে কঠোর অভিযান শুরু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শনিবার (৪ অক্টোবর) ভোররাত থেকেই রাজবাড়ীতে শুরু হয়েছে প্রশাসনের কঠোর অভিযান। মধ্যরাত থেকে কার্যকর হওয়া সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞায় পদ্মা, গড়াই, হড়াই ও চন্দনা নদীসহ দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

সকাল থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে টহল দিচ্ছে। কোথাও মাছ ধরা বা ট্রলার নামানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হচ্ছে।

মৎস্য বিভাগ জানায়, রাজবাড়ী জেলার পদ্মার ৫৭ কিলোমিটার অংশসহ অন্যান্য নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। লিফলেট বিতরণ, মাইকিং ও জেলে পল্লীতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় নিবন্ধিত ৫ হাজার ৪৯৭ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে।

জেলেরা জানান, মৌসুমে দাদন ও এনজিও ঋণের চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। ২৫ কেজি চাল যথেষ্ট নয়, তাই সরকারের কাছে আরও সহায়তার দাবি জানিয়েছেন তারা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এবং নৌপুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ইলিশ জাতীয় সম্পদ, তাই ২২ দিন প্রশাসনের মোবাইল কোর্ট সার্বক্ষণিক মাঠে থাকবে।