প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতাদের প্রতিনিধিদল। রোববার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ নেতৃবৃন্দ প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং তাঁকে বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান। এসময় রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শেষকৃত্যের জায়গা বরাদ্দ করায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতারা জানান, এর আগে শেষকৃত্যের জন্য ঢাকার বাইরে যেতে হতো, এখন এই বরাদ্দ ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৈঠকে বৌদ্ধ নেতারা এ বছর কঠিন চীবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি তাঁরা তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পণ্ডিত ও ধর্মগুরু অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞানচর্চা কেন্দ্র স্থাপনসহ কয়েকটি দাবি উপস্থাপন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :