দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৮২ জন, রংপুরে ২৩ জন ও সিলেটে ৫ জন।
এ সময়ে আরও ৮৯৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
আপনার মতামত লিখুন :