এ এম এম নাসির উদ্দিন

১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করবে ইসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান। এ সময় সিইসিসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। এআই-এর অপব্যবহার রোধে মিডিয়ার ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। তাদের অনেকেই পূর্বে ভোট দিতেন। এবার সেই সমস্যা নিরসন করা হবে। একই সঙ্গে প্রবাসী এবং দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদেরও ভোটাধিকার নিশ্চিত করা হবে।

দিনভর দুই দফায় টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। প্রায় ৫০ জন প্রতিনিধি এতে অংশ নেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে ইসি। এরপর জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে কমিশন। সিইসি জানিয়েছেন, সংলাপে পাওয়া মতামতই বাস্তবায়ন করবে তার কমিশন।

👉 এদিকে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ শুরু হলেও প্রথম দিন সুশীল সমাজের অনেক প্রতিনিধি এতে অংশ নেননি।