বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী এ চুক্তিতে সই করেন।
সৌদি আরব-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সাধারণ কর্মী নিয়োগ চুক্তি। ১৯৭৬ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীরা সৌদিতে কাজ করলেও এতদিন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি হয়েছিল। নতুন চুক্তির ফলে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়বে এবং কর্মী-নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরের আগে বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর রাখা, কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। সৌদি মন্ত্রী এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়েও আলোচনা হয়। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
👉 এই চুক্তি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
আপনার মতামত লিখুন :