আবহাওয়া অধিদপ্তর

টানা ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

দেশের আকাশে আবারও মেঘের ছায়া ঘনাচ্ছে। মৌসুমি বায়ু দুর্বল থাকলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ বুধবার দেশের আট বিভাগে—রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিও হতে পারে।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত একই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। অধিকাংশ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি চলবে বলে জানায় অধিদপ্তর।

রবিবার (১২ অক্টোবর) খুলনা বিভাগের কয়েকটি স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে ক্রমে বিদায় নিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।