নোবেল পুরস্কার

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমার এম. ইয়াগি।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (Metal-Organic Frameworks) উদ্ভাবনের জন্য তাদের এ বছরের রসায়ন নোবেল দেওয়া হয়েছে। এই কাঠামোর মাধ্যমে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে, যা আধুনিক রসায়ন ও পরিবেশবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই বিশেষ কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড সংরক্ষণ, বিষাক্ত গ্যাস শোষণ এবং রাসায়নিক বিক্রিয়া দ্রুততর করা সম্ভব। এতে ধাতব আয়ন ও জৈব অণুর সমন্বয়ে তৈরি হয় গহ্বরযুক্ত একধরনের স্ফটিক, যাকে বলা হয় ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’।

রসায়নবিদরা সহজেই এই কাঠামোর উপাদান পরিবর্তন করে নিজেদের প্রয়োজনে নতুন উপযোগী নকশা তৈরি করতে পারেন—যা নির্দিষ্ট পদার্থকে আটকে রাখা বা বিদ্যুৎ পরিবহণে সহায়ক ভূমিকা রাখে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে শুরু হওয়া নোবেল পুরস্কার এখন পর্যন্ত রসায়নে ১১৬ বার প্রদান করা হয়েছে। এ বিভাগে সবচেয়ে বয়স্ক বিজয়ী ছিলেন জন বি. গুডএনাফ, যিনি ২০১৮ সালে ৯৭ বছর বয়সে পুরস্কার পান। আর সবচেয়ে কম বয়সে (৩৫ বছর) এ সম্মান পান ফেদ্রিক জোলিয়ট, ১৯৩৫ সালে।

বিশ্ববিখ্যাত এই পুরস্কারটি প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইট আবিষ্কার করে অর্জিত অর্থের একটি অংশ উইল করে রেখে যান মানবকল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার হিসেবে প্রদান করার জন্য।