স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তোফায়েল আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক তোফায়েলকে। পরীক্ষা-নিরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বুধবার বিকেলে হৃদ্‌যন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচারের সময় অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গন ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।