বিশ্বমানের উচ্চশিক্ষার সূচকে বড় অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০ ধাপ এগিয়ে ৮০১–১০০০ অবস্থানে এসেছে। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০ রেঞ্জে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ বছর বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ে স্থান পেয়েছে। বাংলাদেশের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতির পেছনে রয়েছে গবেষণার মান, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা, শিক্ষা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে উল্লেখযোগ্য উন্নতি।
🔹 গবেষণার পরিবেশ সূচকে বৃদ্ধি: ১০.৩ → ১৩.৩
🔹 গবেষণার মান সূচকে বৃদ্ধি: ৬৭.২ → ৭৬.৫
🔹 শিল্পক্ষেত্রের সহযোগিতা সূচকে বৃদ্ধি: ২১.৪ → ৩৩.২
🔹 আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচক: ৪৫ পয়েন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের দিকনির্দেশনায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমদের নেতৃত্বে একটি ১৬ সদস্যের বিশেষ কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
র্যাংকিংয়ে এ সাফল্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ঐতিহ্য ও উৎকর্ষ ধরে রাখছে। আমরা শিক্ষার মান ও গবেষণায় আরও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।”
উল্লেখ্য, কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত বিশ্ব র্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।
আপনার মতামত লিখুন :