এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সুইডিশ অ্যাকাডেমি তাঁর নাম ঘোষণা করে জানিয়েছে, ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেওয়া হলো তার আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য, যা এপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃনিশ্চিত করে।
লেখক ইতিমধ্যে অসংখ্য আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং ২০১৩ সালে তাঁর উত্তর-আধুনিক উপন্যাস ‘সাতানটাঙ্গো’-এর জন্য ফিকশনে সেরা অনুবাদিত বইয়ের পুরস্কার।
ক্রাসনাহোরকাই হলেন দ্বিতীয় হাঙ্গেরীয় লেখক, যিনি নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করলেন। এর আগে ২০০২ সালে প্রয়াত ইমরে কেরতেজ এই সম্মান অর্জন করেছিলেন।
সাহিত্যের নোবেল জয়ী পাবেন একটি নোবেল মেডেল, সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত সাহিত্যে নোবেল প্রদান করা হয়েছে ১১৭ বার, যা মোট ১২১ সাহিত্যিককে দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :