আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো বাধা বা সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ষোল বছর হাসিনার আমলে যেসব ভুয়া নির্বাচন হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবারের নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন।”
তিনি আরও জানান, ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। “জামালপুর, হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের প্যানা-পোস্টার দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সব দল প্রার্থীদের নাম ঘোষণা করলে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে,” বলেন তিনি।
প্রেস সচিব আরও জানান, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং আগামী ১৫ তারিখে সব দল ওই সনদে স্বাক্ষর করবে।
এ সময় তিনি আলোকচিত্রী শহিদুল আলমের বিষয়ে বলেন, “তিনি বর্তমানে ইসরাইল থেকে ইস্তাম্বুলের পথে আছেন। তার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছানোর পর জানা যাবে, তিনি কবে বাংলাদেশে ফিরবেন।”
শফিকুল আলম আরও জানান, শহিদুল আলমকে মুক্ত করতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।
সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :