সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

এর আগে সকাল ৯টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করবেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের কারণে প্রেসক্লাব সংলগ্ন সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।