রাবি ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় সব আসামির বেকসুর খালাস


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এ রায় ঘোষণা করেন।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) কানিজ ফাতিমা জানান, মামলার ১০৫ আসামির মধ্যে কয়েকজন মারা গেছেন। তবে যাদের বিচার হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষদর্শী নির্দিষ্টভাবে অভিযোগ আনতে পারেননি। সাক্ষ্যপ্রমাণে কারও সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে বেকসুর খালাস দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাবির হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মরদেহ একটি ম্যানহোলে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২৮ জুলাই তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন। এতে তৎকালীন জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীসহ মোট ১১০ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, পরবর্তীতে যুদ্ধাপরাধের মামলায় নিজামী ও মুজাহিদকে মৃত্যুদণ্ডে ফাঁসি কার্যকর করা হয় এবং দেলোয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।