বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষকরা।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, “প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদ ও আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”
এর আগে দুপুরে প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ঘটনার পর আন্দোলনকারীদের একাংশ শহীদ মিনারে অবস্থান নেন, অন্য অংশ প্রেস ক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রাখেন।
শিক্ষক নেতারা জানান, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে না বাড়ানো পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে রোববার সকাল ১১টা ২০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা সংক্রান্ত দাবি আগামী ২২ অক্টোবরের মধ্যে বিবেচনায় নেওয়া হবে। তবে ওই বৈঠকে কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন তা জানা যায়নি।
উল্লেখ্য, শিক্ষক আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত কোনো সমাধান না আসায় দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :