ঢাকা সেনানিবাস

ঢাকা সেনানিবাসের ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পরদিনই ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৫৪১(১) ধারা ও প্রিজন অ্যাক্টের ৩(বি) ধারার ক্ষমতাবলে সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে কাদের রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, আদেশ পাওয়ার পর শিগগিরই কারা কর্তৃপক্ষের সদস্যদের সেখানে নিয়োজিত করা হবে।

এর আগে শনিবার সেনা সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ৩২ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে চাকরিতে থাকা ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতের ব্যক্তিদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বুধবার ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয় এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।